দেশের ব্যাংকিং খাতে পেশাগত দক্ষতা ও জ্ঞানভিত্তিক মানবসম্পদ গড়ে তুলতে বড় ধরনের নীতিগত পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে আরও কঠোর ও মানসম্পন্ন কাঠামো নিশ্চিত করতে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম বা ব্যাংকিং ডিপ্লোমা সংক্রান্ত আগের প্রজ্ঞাপন সংশোধন করে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
নতুন এই নির্দেশনা অনুযায়ী, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা যদি অন্য কোনো ব্যাংকে উচ্চতর পদে যোগ দিতে চান, তাহলে তাকে বাধ্যতামূলকভাবে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিশেষ করে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে পদোন্নতি বা উচ্চতর পদ লাভের ক্ষেত্রে এই শর্ত কঠোরভাবে প্রযোজ্য হবে।
তবে অভিজ্ঞ কর্মকর্তাদের জন্য কিছুটা নমনীয়তাও রাখা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, যেসব কর্মকর্তা সিনিয়র অফিসার বা সমমানের পদে যোগদানের পর অথবা পদোন্নতির মাধ্যমে ওই পদে থেকে সফলভাবে ১৫ বছর দায়িত্ব পালন করেছেন, তাদের ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক হবে না। অর্থাৎ দীর্ঘ অভিজ্ঞতা থাকলে নির্দিষ্ট ক্ষেত্রে এই শর্ত থেকে অব্যাহতি মিলবে।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান সময়ে ব্যাংকিং খাত দ্রুত প্রযুক্তিনির্ভর ও জটিল হয়ে উঠছে। ডিজিটাল লেনদেন, ঝুঁকি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক মানদণ্ডসহ নানা বিষয়ে দক্ষতা অর্জন এখন সময়ের দাবি। তাই শুধুমাত্র অভিজ্ঞতা নয়, প্রাতিষ্ঠানিক জ্ঞানও সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এই বাস্তবতায় দক্ষ, যোগ্য ও আধুনিক জ্ঞানসম্পন্ন মানবসম্পদ নিশ্চিত করতে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে কর্মকর্তাদের মধ্যে পেশাগত শিক্ষা গ্রহণের প্রবণতা বাড়বে এবং পুরো খাতেই দক্ষতার মান উন্নত হবে বলে মনে করা হচ্ছে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ ব্যাংকিং খাতে দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন আনবে। এর ফলে শুধু ব্যক্তিগত ক্যারিয়ার উন্নয়নই নয়, বরং সামগ্রিকভাবে দেশের আর্থিক খাত আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।









