বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
রবিবার (৩ মে) মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।বৈঠকে দেশের বিমানবন্দরগুলোতে দায়িত্ব পালনরত অঙ্গীভূত ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের সার্বিক কল্যাণ, কর্মপরিবেশ এবং দায়িত্ব পালনের বিভিন্ন বাস্তব চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় সদস্যদের জন্য পর্যাপ্ত আবাসন সুবিধা নিশ্চিতকরণ, বিস্তৃত ডিউটি পোস্টে যাতায়াতের জন্য সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলা এবং দায়িত্ব পালনের প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা জোরদার করার বিষয়টি।
এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনালে অঙ্গীভূত আনসার সদস্যদের মোতায়েন নিশ্চিত করার বিষয়েও উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।এ বিষয়ে প্রতিমন্ত্রী ইতিবাচক মনোভাব প্রকাশ করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বিমানবন্দরগুলোর নিরাপত্তা ও যাত্রীসেবায় আনসার সদস্যদের নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন।তিনি বলেছেন, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনায় আনসার সদস্যরা নির্ভরযোগ্য ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছেন।তাদের কল্যাণ ও সক্ষমতা বৃদ্ধি দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, দেশের বিভিন্ন বিমানবন্দরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা এভিয়েশন সিকিউরিটি (এভসেক)-এর আওতায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।তারা নিরাপত্তা তল্লাশি, স্থাপনা সুরক্ষা, চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণ, শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।









