ভারতজুড়ে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে ঘিরে উত্তেজনা ও উদ্বেগের মধ্যে বিস্ফোরক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
সোমবার (৪ মে) নিজের ফেসবুকে পেজে লাইভে এসে তিনি ভোট গণনা প্রক্রিয়ায় অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে দলের নেতাকর্মী, প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের সতর্ক থাকার আহ্বান জানান।
মমতা ব্যানার্জী বলেন, “আমি আগেই বলেছি প্রথমে ওদের ফলাফল দেখানো হবে, আমাদেরটা পরে। তাই সবাইকে অনুরোধ করছি, কেউ যেন কাউন্টিং সেন্টার ছেড়ে না যান। যেখানে গণনা চলছে, সেখানে দৃঢ়ভাবে অবস্থান করুন।”
তিনি অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় দুই-তিন রাউন্ড গণনার পর প্রায় ১০০টি কেন্দ্রে গণনা থামিয়ে রাখা হয়েছে।কল্যাণীতেও সাতটি মেশিনে অসঙ্গতি ধরা পড়েছে যেখানে ফলাফলের কোনো মিল নেই। এটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে আমাদের কর্মীদের ওপর অত্যাচার, অফিস ভাঙচুর এবং জোরপূর্বক দখলের ঘটনা ঘটছে। ভোট লুটের অভিযোগও আপনারা দেখেছেন। তবুও এখনও ৭০-১০০টি আসনে আমরা এগিয়ে আছি; কিন্তু সেই তথ্য প্রকাশ করা হচ্ছে না। মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। আগে এই তথ্যগুলো ডিআইসিও দিত, কিন্তু তাকেও হঠাৎ করে বদলি করা হয়েছে। নির্বাচন কমিশন নিজেদের ইচ্ছামতো কাজ করছে এবং কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় পুরো প্রক্রিয়াকে প্রভাবিত করছে। আমাদের রাজ্য পুলিশও কার্যত কেন্দ্রীয় বাহিনীর অধীনে কাজ করতে বাধ্য হচ্ছে।
মমতার পরামর্শ, আমি সবাইকে বলছি হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমি আগেই বলেছিলাম, শেষের দিকেই আপনারা জয় পাবেন। সাধারণত ১৪ থেকে ১৮ রাউন্ড পর্যন্ত গণনা হয় শেষের রাউন্ডগুলোতেই ফলাফল স্পষ্ট হবে।
ধৈর্য ধরুন, সাহস রাখুন। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই। নিশ্চিন্ত থাকুন আমরা আবার বাঘের বাচ্চের মতো লড়াই চালিয়ে যাব।









