ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন।
সোমবার (৪ মে) দুপুরে পৌনে ১২ টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালু বোঝাই ট্রাকের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন। দুমড়েমুচড়ে যায় সিএনজিচালিত অটোরিকশা এবং সড়কে উল্টে যায় ট্রাকটি৷
এসময় ট্রাকের চালক, হেলপার ও সিএনজিচালিত অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে নিহত নারীদের পরিচয় শনাক্ত করা যায়নি।
ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তিন নারীর মরদেহ উদ্ধার করি। ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। নিহত তিন নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।









