নির্বাচন কমিশনে (ইসি) জাতীয় পরিচয়পত্রে থাকা ভুল সংশোধনে আবেদনের হিড়িক পড়েছে। এসব আবেদনে কারো রয়েছে নামের ভুল, কারো ধর্মান্তরিত হওয়ার কারণে নাম পরিবর্তন, পেশা পরিবর্তন, বিবাহবিচ্ছেদ-সংক্রান্ত করণিক সংশোধনী ও তথ্যগত ভুল। ইসি এ-সংক্রান্ত ৬৮ হাজার আবেদন দ্রুত নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে।
সূত্রমতে, ইসির মাঠ অফিসের কর্মকর্তা ‘ক’ থেকে ‘গ’Ñএ তিন ক্যাটাগরির আবেদন সংশোধন করতে পারেন। জন্ম তারিখ এককভাবে সংশোধন করেন এনআইডির মহাপরিচালক। আগে ১০ বছরের নিচের সংশোধন এনআইডির পরিচালক পর্যায়ের কর্মকর্তারা করতে পারতেন।
জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের পরিচালক (অপারেশন) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ইসির মাঠ অফিসের কর্মকর্তারা তিন ধরনের ক্যাটাগরি বর্তমান নীতিমালা অনুযায়ী সংশোধন করতে পারেন। এ সংশোধনীর সংখ্যা কমবেশি ৬৮ হাজার। আমরা সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সম্প্রতি মাঠ অফিসের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি।
এনআইডির প্রাপ্ত তথ্যমতে, মাঠ পর্যায়ে মোট পেন্ডিং আবেদনের পরিমাণ ৬৭ হাজার ৮৬৪টি। এর মধ্যে ক-১ ক্যাটাগরিতে রয়েছে এক হাজার ২৭৩টি, ‘ক’ ক্যাটাগরিতে রয়েছে ১৬ হাজার ১৬ হাজার ৪২১টি, খ-১ ক্যাটাগরিতে রয়েছে পাঁচ হাজার ৭২৫টি, ‘খ’ ক্যাটাগরিতে রয়েছে ২৫ হাজার ৩১৮টি এবং ‘গ’ ক্যাটাগরিতে রয়েছে ১৯ হাজার ১২৭টি।









