দেশের ছয়টি ইসলামী ব্যাংকের সাম্প্রতিক নিয়োগ ও ছাঁটাই কার্যক্রম খতিয়ে দেখতে সাত সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড-এই ছয় ব্যাংকের নিয়োগ ও ছাটাই খতিয়ে দেখবে কমিটি।
নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, স্বজনপ্রীতি এবং হঠাৎ করে ব্যাপক ছাঁটাইয়ের অভিযোগ ওঠায় এমন উদ্যোগ নিলো বাংলাদেশ ব্যাংক।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ছয়টি ইসলামী ধারার এ ব্যাংকে অনিয়মিত নিয়োগের অভিযোগ খতিয়ে দেখছে বাংলাদেশ ব্যাংক। অভিযোগ রয়েছে- জাল সনদ, বক্সভিত্তিক জীবনবৃত্তান্ত সংগ্রহ এবং কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই বিপুলসংখ্যক লোক নিয়োগ দেওয়া হয়েছিল।
এসব অভিযোগের ভিত্তিতে ২০২৪ সালের ৫ আগস্টের পর সংশ্লিষ্ট ব্যাংকগুলো অভ্যন্তরীণ তদন্ত চালিয়ে অনেককে চাকরিচ্যুত করে। তবে নিয়োগ ও ছাঁটাই প্রক্রিয়া বিধিসম্মত হয়েছে কি না, তা যাচাই করতে কেন্দ্রীয় ব্যাংক নতুন করে তদন্ত শুরু করেছে।









