তীব্র গরমে স্বস্তির অন্যতম ভরসা এয়ার কন্ডিশনার (এসি)। তবে সঠিক রক্ষণাবেক্ষণ না করলে এই প্রয়োজনীয় যন্ত্রই হয়ে উঠতে পারে ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, অবহেলা করলে এসি থেকে অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের মতো দুর্ঘটনাও ঘটতে পারে। তাই নিরাপদ ও দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলা জরুরি।
নিয়মিত সার্ভিসিং করান
এসি দীর্ঘদিন পরিষ্কার না করলে এর ভেতরে ধুলো, ময়লা ও ব্যাকটেরিয়া জমে কার্যক্ষমতা কমে যায় এবং যন্ত্রের ওপর চাপ বাড়ে। বছরে অন্তত ২-৩ বার পেশাদার টেকনিশিয়ান দিয়ে সার্ভিসিং করালে সম্ভাব্য ত্রুটি আগেই শনাক্ত করা সম্ভব।
ফিল্টার পরিষ্কার রাখুন
এসির নোংরা ফিল্টার বাতাস চলাচলে বাধা সৃষ্টি করে এবং কম্প্রেসার অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। তাই প্রতি ২-৪ সপ্তাহ পর ফিল্টার পরিষ্কার করা ভালো অভ্যাস।
বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করুন
ঢিলা বা ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ এসির জন্য বড় ঝুঁকি। শর্ট সার্কিট থেকে আগুন বা বিস্ফোরণ ঘটতে পারে। তাই নিয়মিত তার, প্লাগ, সুইচ ও সার্কিট ব্রেকার পরীক্ষা করা জরুরি। প্রয়োজন হলে দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে মেরামত করান।
ভোল্টেজ নিয়ন্ত্রণ জরুরি
ভোল্টেজ ওঠানামা করলে এসির কম্প্রেসার ক্ষতিগ্রস্ত হতে পারে। স্ট্যাবিলাইজার ব্যবহার করলে এই ঝুঁকি অনেকটাই কমে। বিশেষ করে যেসব এলাকায় বিদ্যুৎ সমস্যা বেশি, সেখানে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আউটডোর ইউনিট পরিষ্কার রাখুন
এসি’র আউটডোর ইউনিটে ধুলো বা আবর্জনা জমে গেলে তাপ বের হতে বাধা পায়। এতে যন্ত্র অতিরিক্ত গরম হয়ে যায়। ফলে বিস্ফোরণের ঝুঁকি বাড়ে। তাই আউটডোর ইউনিট খোলা ও পরিষ্কার জায়গায় স্থাপন করুন এবং নিয়মিত পরিষ্কার রাখুন।
গ্যাস লিকেজ পরীক্ষা করুন
এসি’র রেফ্রিজারেন্ট গ্যাস লিক করলে শুধু কার্যক্ষমতাই কমে না, কিছু ক্ষেত্রে এটি ঝুঁকিপূর্ণও হতে পারে। অস্বাভাবিক গন্ধ বা ঠান্ডা কমে গেলে দ্রুত টেকনিশিয়ানের সাহায্য নিন।
অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলুন
এসি একটানা দীর্ঘ সময় চালালে যন্ত্রের উপর চাপ বাড়ে। মাঝেমধ্যে বন্ধ রেখে বিশ্রাম দিলে যন্ত্রের আয়ু বাড়ে এবং ঝুঁকি কমে।
মানসম্মত যন্ত্র ও যন্ত্রাংশ ব্যবহার করুন
নিম্নমানের বা নকল যন্ত্রাংশ ব্যবহার করলে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। তাই সবসময় বিশ্বস্ত ব্র্যান্ড ও অনুমোদিত সার্ভিস সেন্টার বেছে নিন।
অস্বাভাবিক শব্দ বা গন্ধে সতর্ক হন
এসি থেকে যদি অদ্ভুত শব্দ বা পোড়া গন্ধ আসে, তাহলে সঙ্গে সঙ্গে বন্ধ করুন। এগুলো বড় কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে।
ইনস্টলেশন সঠিকভাবে করান
ভুলভাবে এসি বসানো হলে পানি লিক, শর্ট সার্কিট বা যান্ত্রিক সমস্যা দেখা দিতে পারে। তাই দক্ষ টেকনিশিয়ান দিয়ে সঠিকভাবে ইনস্টলেশন করানো জরুরি।









