রাজধানীর তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তামান্না নুসরাত বুবলীকে ফের কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৪ মে) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদ তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক মো. শরিফুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, তদন্তে স্থানীয় বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বুবলী মিছিলের অর্থের যোগানদাতা ও নির্দেশদাতা হিসেবে জড়িত ছিলেন।
তিনি আরও জানান, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী গ্রেপ্তার দেখানোর প্রার্থনা করেন। শুনানি শেষে তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো আদেশ দেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর বেলা দেড়টার দিকে রাজধানীর তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়াস্থ ২/এ পার্ক টাউন রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার অভিমুখে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের কতিপয় দুষ্কৃতিকারী ব্যানারসহ অবৈধ মিছিল করে। এক পর্যায়ে তারা রাষ্ট্রকে অস্থিতিশীল এবং জনমনে আতঙ্ক করার উদ্দেশ্যে পর পর দুটি ককটেল বিস্ফোরন ঘটায়। পরে পুলিশের উপস্থিতি দেখে দুষ্কৃতিকারীরা পালানোর চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য মিরাজুল ইসলাম মিরুকে গ্রেপ্তার করা হয়।
গত বছরের ২৮ সেপ্টেম্বর বুবলীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।









