বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক আজ ৭৫ বছরে পদার্পণ করেছেন। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সংসদ, রাজপথের আন্দোলন, মামলা-জটিলতা ও দলের সংকটকালে নেতৃত্ব—সব মিলিয়ে পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি জাতীয় রাজনীতিতে সক্রিয় এক অভিজ্ঞ ও আলোচিত নেতা হিসেবে পরিচিত।
১৯৪৯ সালের ১০ ডিসেম্বর নোয়াখালীতে জন্মগ্রহণ করেন তিনি। কৈশোর থেকেই সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া জয়নুল আবদিন ফারুক ১৯৭১ সালে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অংশ নেন মহান মুক্তিযুদ্ধে। তরুণ বয়সের সেই নেতৃত্ব ও সাহসিকতা পরবর্তী রাজনৈতিক জীবনের ভিত্তি আরও দৃঢ় করে।
স্বাধীনতার পর ছাত্ররাজনীতির মাধ্যমে মূলধারার রাজনীতিতে প্রবেশ করেন ফারুক। বিএনপি প্রতিষ্ঠার পর দলটির সাংগঠনিক বিস্তার, জনভিত্তি তৈরি এবং মাঠের রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা তাকে কেন্দ্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করে।
তার রাজনৈতিক জীবনের অন্যতম উজ্জ্বল অর্জন হলো ধারাবাহিকভাবে কয়েক দফা সংসদ সদস্য নির্বাচিত হওয়া। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার বিজয়ী হওয়ার পর ১৯৯৬ সালের ষষ্ঠ ও সপ্তম, ২০০১ সালের অষ্টম এবং ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনেও জয়ী হন তিনি। এভাবে আইন প্রণয়ন ও সংসদীয় রাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তোলেন।
সংসদে তীক্ষ্ণ বক্তব্য, যুক্তিনির্ভর উপস্থাপন এবং দলীয় অবস্থান তুলে ধরার আপোষহীন মনোভাব তাকে শক্তিশালী বিরোধী কণ্ঠ হিসেবে পরিচিত করেছে। বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালনকালে গণতন্ত্র, নির্বাচন, মানবাধিকারসহ নানা জাতীয় ইস্যুতে তার দৃঢ় ও সোচ্চার ভূমিকা বিশেষভাবে আলোচিত হয়








