প্রানঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অনিয়মিত হয়ে পড়া বিদেশি কর্মীদের বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাহরাইন। তাই বাহরাইনে অবস্থানরত বাংলাদেশের প্রায় ৪০ হাজার কর্মী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছে। অনিয়মিত হয়ে পড়া বাংলাদেশের কর্মীরা এ সুযোগ পাচ্ছে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া সহ মূলত যথাযথ কাগজপত্রের জন্য।
আজ বাহরাইনের কূটনৈতিক সূত্রগুলো থেকে জানা যায়, বেশ কিছুদিন ধরেই বাহরাইনকে অনুরোধ জানানো হচ্ছিল বাংলাদেশের অনিয়মিত হয়ে পড়া কর্মীদের বৈধতার সুযোগ করে দিবার জন্য। বাহরাইনের বাদশাহ মূলত করোনা ভাইরাসের জন্য সৃষ্ট পরিস্থিতির কারণে অনিয়মিত হয়ে পড়া বিদেশি শ্রমিকদের বৈধ করার ঘোষণা দেন। দেশটিতে নতুন করে কোনো বিদেশি কর্মী নেওয়া হচ্ছে না করোনার কারণে। আগামী বছরের শুরুতে দেশটির অর্থনীতি পুরোদমে চাঙা হয়ে উঠলে আবার নতুন করে বিদেশি কর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
শনিবার বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম জানান, এ মাসের শুরুতে বাহরাইন সরকার অনিয়মিত হয়ে পড়া ৫৫ হাজার বিদেশি কর্মীকে বৈধতা দেওয়ার এ সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে বাংলাদেশের প্রায় ৪০ হাজার কর্মী বৈধ হওয়ার সুযোগ পাবেন। যদিও দেশটিতে বাংলাদেশের অনিয়মিত হয়ে পড়া ৫০ হাজার কর্মী রয়েছে। ইতোমধ্যে দূতাবাস বাংলাদেশের কর্মীদের যথাযথভাবে আবেদনের জন্য কর্মীদের পরামর্শ দিয়েছে। এছাড়াও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করা হয়েছে যেন বাংলাদেশের কর্মীরা যাতে সর্বোচ্চ সুফল পায়।
আনন্দবাজার/এস.কে









