বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন নিয়মিত শারীরিক চেকআপের জন্য সিঙ্গাপুর গেছেন। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে তিনি বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন।
তার ছেলে, ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন সাংবাদিকদের জানান, ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তিনি চেকআপ করাবেন। খন্দকার মোশাররফের সঙ্গে তার সহধর্মিণী বিলকিস আক্তার হোসেনও রয়েছেন।
এর আগে, ২০২৪ সালের ২৭ জানুয়ারিতে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়। চিকিৎসা শেষে ২১ ফেব্রুয়ারি দেশে ফেরেন। ২০২৩ সালের ১৭ জুন ঢাকায় বিএনপির এক পদযাত্রা কর্মসূচিতে অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।
এরপর চিকিৎসকদের পরামর্শে ২৭ জুন সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হয়, যেখানে দুই মাস ১০ দিন চিকিৎসার পর ৫ সেপ্টেম্বর ঢাকায় ফেরেন।
পরবর্তীতে আবার অসুস্থ হয়ে ৫ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে সম্প্রতি পুনরায় সিঙ্গাপুরে চেকআপের জন্য পাঠানো হয়েছে। এছাড়া গত ১২ ফেব্রুয়ারি চিকিৎসার ফলোআপের জন্যও তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন।









