আগামী পাঁচ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে এ কথা জানান তিনি।
খাল জনগণের সম্পত্তি উল্লেখ করে তিনি বলেছেন, ২০ হাজার কিলোমিটার খাল খননের কাজ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে, যা আগামী ৫ বছরে সমাপ্ত করা হবে। এ বিষয়ে আমরা ডিসিদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছি। এছাড়া নদীভাঙ্গন হলে দ্রুত কি ব্যবস্থা নিতে হবে, সে বিষয়েও আলোচনা হয়েছে।
দীর্ঘদিন খাল খনন কর্মসূচি বন্ধ ছিল জানিয়ে তিনি আরও বলেছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন, তা একটা বিপ্লব ছিল। আজ নতুনভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান তা নতুন আঙ্গিকে শুরু করেছেন।
খাল দখল বিষয়ে মন্ত্রী স্পষ্ট করেন, খাল যেদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা বড় করতে যাওয়ার সময় যদি কোন দখলদার পড়ে, তাকে সরে যেতে হবে। কেউ ইচ্ছে করলে আবার এসে খাল দখল করতে পারবে না। তারপরেও এমন কিছু ঘটলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে ডিসিরা।









