এবার পদ্মায় বিলীন হয়েছে মাদারীপুরের আরও একটি স্কুল। গতকাল মঙ্গলবার মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ইউপির ৭৭নং কাঁঠালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের একপাশ হঠাৎ ধসে পড়ে।
জানা যায়, নিজস্ব উদ্যোগে জিও ব্যাগ ফেলে প্রাণপণ চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। এর মাধ্যমে অনিশ্চিত হয়ে গেল বিদ্যালয়ের প্রায় আড়াইশ ছেলেমেয়ের শিক্ষা।
বিদ্যালয়ের সভাপতি জুলহাস বেপারী বলেন, পদ্মার পানি নামতে গিয়ে একটি খালের পাশের ৭৭নং কাঁঠালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার ভবনটির বৃহৎ অংশ বিলীন হয়। বিদ্যালয়টিতে ২৭২ জন শিক্ষার্থী রয়েছে। মাত্র কয়েকদিন আগে পদ্মার ভয়াবহ ভাঙনে বন্দরখোলা ইউনিয়নের নুরুদ্দিন মাদবরকান্দি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় ভবনটি নদীগর্ভে যায়। এখন ভাঙন ঝুঁকিতে রয়েছে বন্দরখোলা ইউনিয়ন পরিষদ ভবন, কমিউনিটি ক্লিনিক ভবন, কাজির সুরা সরকার প্রাথমিক বিদ্যালয়, বাজারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। পদ্মা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চলে নদী ভাঙনের ব্যাপকতা বেড়েই চলছে।
তিনি আরও বলেন, পদ্মা তীরবর্তী উপজেলার বন্দরখোলা, কাঁঠালবাড়ি ও চরজানাজাতে নদীভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। আড়িয়াল খাঁ তীরবর্তী সন্ন্যাসিরচর, শিরুয়াইল, নিলখী ও বহেরাতলা দক্ষিণেও নদীভাঙন দেখা দিয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সরকারি হিসাবমতে নদীতে সাড়ে ৪ শতাধিক ঘরবাড়ি বিলীনের কথা বলা হলেও এ সংখ্যা আরও বেশি। এ সকল এলাকায় খোলা ২১টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৩ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।
কাঁঠালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার বলেন, জিও ব্যাগ ফেলে বিদ্যালয়টি রক্ষার চেষ্টা করা হয়েছিল। কিন্তু নদীর তীব্র স্রোতের কারণে আর টিকে থাকলো না বিদ্যালয়টি।
আনন্দবাজার/টি এস পি









