ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রয়োজীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দুদেশের মধ্যে যোগাযোগ বাড়াতে পারলে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য আরও বৃদ্ধি পাবে।
গতকাল বুধবার নিজের সরকারি বাসভবন গণভবনে ঢাকা সফররত মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিমের সঙ্গে বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ মানবসেবা ও স্বাস্থ্যসেবায় মালদ্বীপকে কারিগরি সহায়তা দিতে পারে। আমরা আমাদের স্বাস্থ্য খাতের অভিজ্ঞতা মালদ্বীপের সঙ্গে শেয়ার করতে পারি। বাংলাদেশ প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশ এ ক্ষেত্রে মালদ্বীপকে সহায়তা করতে পারে।
বৈঠকে প্রধানমন্ত্রী বিভিন্ন অন্তর্জাতিক ফোরামে মালদ্বীপকে একটি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে তুলে ধরেন। মালদ্বীপের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেন তিনি। এসময় প্রধানমন্ত্রী বাংলাদেশের বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সেবা ব্যবহার করার পরামর্শ দেন মালদ্বীপকে।
বৈঠকে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট জানান, তার দেশ যখন কোনো সংকটের সম্মুখীন হয়, তখন বাংলাদেশের সমর্থন পায়। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন তিনি।
আনন্দবাজার/ টি এস পি









