রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য জিএম ফজলুল হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম সলিম উল্লা সেলিম বিষয়টি নিশ্চিত করেন।
সলিম উল্লা সেলিম জানান, বার্ধক্যজনিত রোগে জিএম ফজলুল হক মারা গেছেন। জিএম ফজলুল হক দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় দেশ-বিদেশে চিকিৎসা নিয়েছেন।
চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য জিএম ফজলুল হক চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের তরপুরচন্ডি গ্রামে ১৯৪৭ সালে ১০ মে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
তিনি বিএনপির মনোনয়ন নিয়ে ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
২০০৮ সালে নবম জাতীয় নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে পরাজিত হন। একবার টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। তিনি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোট সুন্দর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ক্রমান্বয়ে তিনি রাজনীতিতে যাত্রা শুরু করেন।









