ছাত্রদল থেকে সাময়িক অব্যাহতি পাওয়া নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পরিচিত মুখ শেখ তানভীর বারী হামিম। বুধবার (৪ মার্চ) রাতে এ নিজের ফেসবুক পেইজে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন তিনি।
ফেইসবুক পোস্টে হামিম লিখেছেন, ‘ক্লাস ৬ (২০১২) থেকে কলেজ জীবন (২০১৭) পর্যন্ত কোনো পদ ছিল না, ছাত্রদলের রাজনীতি করেছি। জানতে পারলাম, কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
তিনি লিখেছেন, আমি এ দলের একজন কর্মী, এতটুকু পরিচয়ই আমার জন্য প্রচন্ড গর্বের, আলহামদুলিল্লাহ।
এর আগে বুধবার (৪ মার্চ) রাতে ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হামিমকে সাময়িক অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলে সংগঠনটি জানায়।









