ভূমি খাতের দীর্ঘদিনের অনিয়ম ও জটিলতা দূর করতে উন্নত বিশ্বের আদলে ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শুক্রবার রাজশাহীর পদ্মা কমিউনিটি সেন্টারে সর্বস্তরের মানুষের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়কে আধুনিকায়নের প্রধান উদ্দেশ্য হলো সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ করা এবং স্বচ্ছতা নিশ্চিত করা। তিনি জানান, মন্ত্রণালয় সম্পূর্ণ আইনি কাঠামোর আওতায় পরিচালিত হচ্ছে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। যেখানেই কোনো অনিয়ম বা জটিলতা চিহ্নিত হবে, সেখানেই তা সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে।
মিজানুর রহমান মিনু জোর দিয়ে বলেন, ওয়ান-স্টপ সার্ভিস বা একক সেবা কেন্দ্রের মাধ্যমে ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। এর ফলে সাধারণ মানুষ অতি দ্রুত এবং ঝামেলামুক্তভাবে কাঙ্ক্ষিত সেবা পাবেন। বিশেষ করে মামলার দ্রুত নিষ্পত্তি এবং কম সময়ে সেবা নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য।
ভূমি সংস্কারের পাশাপাশি উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়ন নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, রাজশাহীবাসীর প্রত্যাশা পূরণে আইটি সেক্টরসহ সামগ্রিক শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে। এর মাধ্যমে এই অঞ্চলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে সরকারের।









