দেশের সরকারি ৮টি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২৪ সেপ্টেম্বর। এই ভর্তি পরীক্ষা পরিচালনার দায়িত্ব পালন করবে কার্যক্রমে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) গুচ্ছ কৃষি।
এবার পূর্বের সাতটি বিশ্ববিদ্যালয়সহ নতুন একটি কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে যুক্ত হতে যাচ্ছে। এই হিসেবে মোট ৮টি বিশ্ববিদ্যালয় নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা।
এ ব্যাপারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. লুৎফর হাসান বলেন,, গুচ্ছ ভর্তি পরীক্ষা হলে শিক্ষার্থী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় না। ভর্তি যুদ্ধে অনেক পরিবার এক লাখ টাকা পর্যন্ত খরচ করেন বলে আমরা দেখছি। সুতরাং এইখানে এটা লাঘব হবে।
শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভুঁইয়া জানান, ভর্তি পরীক্ষা গ্রহণের তারিখ চূড়ান্ত করতে আমরা গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সভায় বসেছিলাম। সভায় ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এ বছরের ২৪ সেপ্টেম্বর গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরও জানান, কোন বিশ্ববিদ্যালয়ে কত আসনে শিক্ষার্থী ভর্তি করাবে তা পরবর্তী সভার পরে জানানো হবে।
গুচ্ছের নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি সম্পর্কে শেকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া জানান, কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিষ্ঠার ক্রমানুসারে এ দায়িত্ব প্রদান করা হয়ে থাকে। সেই হিসেবে এবছর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছের দায়িত্ব পালন করবে এবং নিয়ম অনুযায়ী আগামী গুচ্ছ ভর্তি পরীক্ষা অন্য একটি বিশ্ববিদ্যালয় পরিচালনা করবে বলে জানান তিনি।
গুচ্ছ পদ্ধতিতে নতুন যুক্ত হওয়া হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবদুল বাসেত জানান, এবছর হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (হকৃবি) গুচ্ছ ভর্তি পদ্ধতিতে যাচ্ছে। এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন, কৃষি এবং মাৎস্যবিজ্ঞান অনুষদে ৩০ জন করে মোট ৯০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানান তিনি।
আনন্দবাজার/টি এস পি









