চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোশ্যাল সায়েন্স রিসার্চ সেন্টার থেকে প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সোশ্যাল সায়েন্স রিসার্চ সেন্টারের গ্রিলের সঙ্গে পেছানো ঝুলন্ত অবস্থায় সাপটি উদ্ধার করে চবি প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের অদূরে জঙ্গলে সাপটি অবমুক্ত করে দেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা জানায়, গত দুই মাস ধরে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে সাপের উপদ্রব বেড়ে গেছে। আবাসিক হলের কক্ষ, দরজার সামনে, রাস্তা-ঘাটে দেখা মিলছে সাপ। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সাপের অভয়ারণ্যও বলা যেতে পারে। করোনার কারণে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের হল ও অনুষদের রুমগুলো অব্যবহৃত থাকার কারণে সাপ রুমে বা কক্ষে ঢুকে পড়েছে। অনেকদিন পর ক্লাস-পরীক্ষা স্বাভাবিক হয়েছে, শিক্ষার্থীদের চলাফেরা বেড়েছে। তাই লোকালয়ে সাপের দেখা বেশি মিলছে।
অজগর উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বন্যপ্রাণি শাখার শিক্ষার্থী এবং ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলাম বলেন, এটি বার্মিজ পাইথন প্রজাতির সাপ। সাপটি রোদ পোহাতে কিংবা খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসতে পারে বলে ধারণা করছি। সাপটি উদ্ধারের পর বায়োলজি ফ্যাকাল্টির পাশে গভীর জঙ্গলে ছেড়ে দিয়েছি।









