সারাদেশের ন্যায় দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০২১ সালের অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পাশের হার ৯২.৪৩ শতাংশ। গতকাল রবিবার দুপুরে দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে ফলাফলের তথ্য প্রকাশ করা হয়।
এবার দিনাজপুর শিক্ষাবোর্ডের পাসের হার ৯২.৪৩ শতাংশ হলেও দুটি কলেজের পাশের হার শুন্য। ওই ২টি কলেজের চারজন পরীক্ষার্থীর মধ্যে কেউ পাস করেনি। কলেজগুলো হলো ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ ও রংপুর জেলার গঙ্গাচরা থানার বড়াইবাড়ি কলেজ। এর মধ্যে বড়াইবাড়ি কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনজন ও পীরগঞ্জ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন পরীক্ষার্থী।
বোর্ডের অধীনে এবার ৬৬৭ কলেজের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে মাত্র ৫৩ কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। ২০২১ সালের ২ ডিসেম্বর পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ৩০ ডিসেম্বর। তবে এবারের এইচএসসি পরীক্ষা অন্যান্য বছরের মতো হয়নি। পরীক্ষা হয় শুধু নৈর্বাচনিক বিষয়ে। আর আবশ্যিক বিষয়ে আগের পাবলিক পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। বাদ দেওয়া হয় চতুর্থ বিষয়ের পরীক্ষাও।
দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ৬৬৭ কলেজের মোট ১ লাখ ১৫হাজার ৯৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণদের সংখ্যা ১ লক্ষ ৪ হাজার ৪৮৪ জন। পাশের হার ৯২.৪৩ শতাংশ। আর জিপিএ ফাইভ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ১৫ হাজার ৩৪৯জন।









