এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মরত প্রায় ৬ লাখের বেশি শিক্ষক-কর্মচারীরদের জন্য বড় সুখবর দিলো সরকার। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামী মঙ্গলবার (১৭ মার্চ) তারা ঈদুল ফিতরের উৎসব ভাতা পাচ্ছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, ইতিমধ্যে শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে।
মাউশি সূত্রে জানা গেছে, অনুমোদনের পরপরই উৎসব ভাতার তথ্য সরকারি আর্থিক ব্যবস্থাপনা সফটওয়্যার আইবাসে পাঠানো হয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন হলে শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে।
মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘শিক্ষকদের ঈদ বোনাসের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। আমরা তা আইবাসে পাঠিয়েছি। একদিনের মধ্যে ব্যাংক থেকে অর্থ ছাড় হয়ে গেলে শিক্ষক-কর্মচারীরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে উৎসব ভাতার টাকা তুলতে পারবেন।’
চূড়ান্ত অনুমোদনের পর সেই অর্থ বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। সূত্র জানায়, সব প্রক্রিয়া ঠিকঠাকভাবে সম্পন্ন হলে আগামী ১৭ মার্চ শিক্ষক-কর্মচারীরা তাদের উৎসব ভাতা হাতে পাবেন।
উল্লেখ্য, প্রতি বছর সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য উৎসব ভাতা প্রদান করে থাকে। ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে এখন বেতন-ভাতা প্রক্রিয়া দ্রুত, স্বচ্ছ এবং নির্ভরযোগ্য হয়েছে।









