এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির ১১ দফা নির্দেশনা জারি
প্রকাশ:

বিস্তারিত
এসএসসি পরীক্ষাকে ঘিরে এবার আরও কঠোর অবস্থানে সরকার। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ১১ দফা কঠোর নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
শনিবার (২৮ মার্চ) জারি করা এক চিঠিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের আলোকে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রসচিব থেকে শুরু করে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট সবাইকে বাধ্যতামূলকভাবে তা পালন করতে হবে।
আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই পরীক্ষাকে কেন্দ্র করে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে। অর্থাৎ, কোনো ধরনের অনিয়ম, নকল বা অসদুপায়ের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
নির্দেশনার মধ্যে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে প্রযুক্তিনির্ভর নজরদারিতে। প্রতিটি পরীক্ষা কেন্দ্র ও কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং তা সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সব ভিডিও সংরক্ষণ করে প্রয়োজনে কর্তৃপক্ষকে সরবরাহ করতে হবে।
নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন, প্রতিটি কক্ষে ঘড়ি টাঙানো এবং পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কেন্দ্রসচিব ছাড়া কেউ মোবাইল ব্যবহার করতে পারবে না। পরীক্ষার্থীদের দেহ তল্লাশির মাধ্যমে হলে প্রবেশ নিশ্চিত করা হবে, যেখানে ছাত্রীদের ক্ষেত্রে মহিলা শিক্ষকের মাধ্যমে তল্লাশি চালানো হবে।
এছাড়া কেন্দ্রের প্রবেশপথে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা টাঙিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশি সতর্ক করে বলেছে, এসব নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১১ দফা নির্দেশনা হলো-
১. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষা ২০২৬ গ্রহণের লক্ষ্যে নির্বাচিত প্রতিটি পরীক্ষা কেন্দ্রসহ কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপণ নিশ্চিত করতে হবে।
২. যেসব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা অচল/অকেজো অবস্থায় রয়েছে, সেসব পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা পরীক্ষা শুরুর আগেই সচল করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত সব ভিডিও যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক তা সরবরাহ করতে হবে।
৪. সব পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে ঘড়ি (কাঁটাওয়ালা) টাঙানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫. স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শক্রমে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা রক্ষার্থে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা করতে হবে।
৬. কেন্দ্রসচিব ব্যতীত পরীক্ষার হলে কোনো শিক্ষক/পরীক্ষার্থী যাতে মুঠোফোন ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।
৭. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষা ২০২৬–এ অংশগ্রহণকারী কোনো পরীক্ষার্থী যাতে কোনো উপায়েই নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে, সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি প্রদান করতে হবে। মেয়ে পরীক্ষার্থীদের ক্ষেত্রে মহিলা শিক্ষক দ্বারা দেহ তল্লাশির ব্যবস্থা করতে হবে।
৮. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবকসহ শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা টাঙিয়ে দিতে হবে।
৯. প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরিষ্কার–পরিচ্ছন্নসহ পর্যাপ্ত আলো–বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
১০. সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক কেন্দ্রসচিবদের প্রতি নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
১১. সর্বোপরি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে উপরোল্লিখিত নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন করতে হবে।








