এইচএসসি ও সমমান পরীক্ষাকে সামনে রেখে প্রশ্নপত্র ফাঁস ও গুজব এড়াতে আগামী ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৪২ দিন সব ধরনের কোচিং বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার (১৯ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, এইচএসসি পরীক্ষা ঘিরে প্রশ্নফাঁসের গুজব এড়াতে এবং নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা আয়োজনে ৪২ দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী আরো জানান, করোনার কারণে এবার সব বিষয়ে ও পূর্ণ নম্বরে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ২০২৩ সাল থেকে সব বিষয়ে পূর্ণ নম্বরে পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা বোর্ড সিলেবাস পুনর্বিন্যাস করেছে বলেও জানান তিনি।
৬ নভেম্বর থেকে সারাদেশে একযোগে এইসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। ২০২২ সালের এই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। ছাত্র ৬ লাখ ২২ হাজার ৭৯৬ এবং ছাত্রী ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন।
মোট ৯ হাজার ১৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী মোট ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে পরীক্ষা দেবে।
আনন্দবাজার/কআ









