ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহজাহান মন্ডল বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়াই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে তৃতীয় বর্ষের ৩০৪ নম্বর কোর্স নিয়মিত পড়াচ্ছেন।
এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি মোঃ রবিউল ইসলাম বলেন, শাহজাহান মন্ডল প্রতি বৃহস্পতিবার অনার্স তৃতীয় বর্ষের কর্পোরেট গভার্নমেন্ট ক্লাস নেন। একটা কোর্সে ক্লাস নিচ্ছেন ভবিষ্যতে আরও একটা কোর্স দেয়া হতে পারে।
এ বিষয়ে ইবির আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নুরুন নাহার বলেন, তিনি যে বাহিরে পড়াবেন সে বিষয়ে কাউকে অবহিত করেনি ও আবেদনও করেনি। তিনি নিয়মিত ক্লাস নেন কিনা এ বিষয়ে জানতে চাইলে নুরুন নাহার বলেন, নিয়মিত বলতে তিনি শুধু শনিবার আসেন।
ইবির আইন বিভাগ সূত্রে জানা যায়, শাহজাহান মন্ডলের জন্য মাস্টার্স এর মানবাধিকার আইন ও চতুর্থ বর্ষের সাক্ষ্য আইন পাঠদানের জন্য বরাদ্দ ছিল। তিনি মানবাধিকার আইন পড়ানো থেকে অব্যহতির জন্য সভাপতি বরাবর আবেদন করেছেন।
এ বিষয়ে অধ্যাপক ড. মোঃ শাহজাহান মন্ডল বলেন, রেজিস্ট্রারকে আমি জানিয়েছি, অনুমোদনের আবেদন প্রক্রিয়াধীন, বিভাগে অনুমোদনের আবেদন আটকে আছে। আমি যেদিন থেকে ক্লাস নেয়া শুরু করেছি সেদিন থেকেই অনুমোদন নিবো।
অধ্যাপক ড. শাহজাহান মন্ডল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম ক্লাস নেন সে বিষয়ে কর্তৃপক্ষের অনুমতি আছে কিনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, অন্যত্রে পার্ট টাইম ক্লাসের ব্যাপারে তিনি কোন অনুমতি নেননি। বিশ্ববিদ্যালয়ের চাকুরিরত কোন শিক্ষক কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত অন্যত্রে অতিরিক্ত সময় চাকুরি করার কোন নিয়ম নেই। কারোর বিরুদ্ধে যদি এমন অভিযোগ উঠে তাহলে কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া এ ধরণের বাইরে ক্লাস নেওয়া এটা গ্রহণযোগ্য নয়। ব্যাপারটি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।
আনন্দবাজার/এফএনটি








