প্রশাসক হওয়ার আগে সবচেয়ে বড় পরিচয় হলো একজন শিক্ষক। সুযোগ পেলেই ক্লাসে পাঠদানের কথা বলেন নোবিপ্রবি উপাচার্য প্র. ড. মোহাম্মদ দিদার-উল-আলম। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগে ক্লাস নেন উপাচার্য। ক্লাস শেষে এমন মন্তব্য করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন নোবিপ্রবির বর্তমান উপাচার্য। এসময় মৃত্তিকা বিজ্ঞান সম্পর্কিত যেকোন বিষয় পড়ানোর কথা জানান তিনি। তিনি আরো বলেন, উপকূলীয় অঞ্চলের কৃষিতে ব্যাপক পরিবর্তন সম্ভব করতে মাটির উপর গবেষণার বিকল্প নেই।
জানা যায়, বিশ্ববিদ্যালয় কৃষি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ক্লাস নেন তিনি। ক্লাসে তিনি সেচ ও নিষ্কাশন উপর পাঠদান করেন। ক্লাসে হঠাৎ উপাচার্যকে পেয়ে বরাবরের মত অবাক হন শিক্ষার্থীরা। আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি তথা উপাচার্যকে এতোদিন আমরা শুধুই প্রশাসক হিসেবে দেখতাম। আর এখন আমরা শিক্ষক হিসেবে পেলাম। এটা আমাদের জন্য বড়ই সৌভাগ্যের ব্যাপার।
উপাচার্য হিসেবে যোগদানের পর অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম এই প্রথম কোন বিভাগে ক্লাস নেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে বিএসসি ও এমএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব অ্যাবারডিন থেকে প্লান্ট অ্যান্ড সয়েল সায়েন্স বিষয়ে ১৯৯০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি নদী গবেষণা ইনস্টিটিউটের গবেষক হিসেবেও কাজ করেছেন।
আনন্দবাজার/এফআইবি








