শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, একজন পুলিশ সদস্য আইনশৃঙ্খলা রক্ষা করেন এবং জেলা প্রশাসক (ডিসি) জেলার সামগ্রিক বিষয়াবলি তদারকি করেন। কিন্তু আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ড সম্মেলন কক্ষে শিক্ষা বোর্ড কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় শিক্ষামন্ত্রী বলেছেন, পাবলিক পরীক্ষায় নকলের প্রক্রিয়া শিক্ষকরাই শুরু করেছিলেন, আবার শিক্ষকরাই তা বন্ধ করেছিলেন। কিন্তু হাসিনা সরকার ক্ষমতায় আসার পর দেশে আবারও নকলে সয়লাব হয়ে গিয়েছিল। এখন থেকে আর নকল করে পরীক্ষা দেওয়া চলবে না। এ ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
মন্ত্রী জানান, দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান আমার ওপর আস্থা রেখে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এই মন্ত্রণালয় আমার জন্য ‘এবাদতখানা’। আপনারা শিক্ষকরা যদি একজন ছাত্রকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, তবে সেটি হবে আপনাদের জন্য ‘সদকায়ে জারিয়া’। তাই আপনাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানই ইবাদত করার জায়গা।
নকল বন্ধের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেছেন, আওয়ামী আমলের মতো (অনিয়মের) পরীক্ষা এ দেশে আর হবে না। তখন শিক্ষকদের হাতে দুটি কলম থাকত—একটি কালো ও একটি লাল। শিক্ষকরা কালো কলম দিয়ে ছাত্রদের খাতায় উত্তর লিখে দিতেন এবং নকল সরবরাহ করতেন। এখন থেকে এসব অনিয়ম পুরোপুরি বন্ধ। আগামীতে সব পরীক্ষা হবে স্বচ্ছ ও নকলমুক্ত।
মন্ত্রীর নির্দেশ, সামনে এসএসসি পরীক্ষা। প্রতিটি কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। শুধু পরীক্ষার সময় নয়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সর্বদা ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারিতে রাখতে হবে।









