ইসলামী বিশ্ববিদ্যালয়ে বেপরোয়া গাড়ি চালানো বন্ধ হোক ও শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাসের দাবীতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
গত রবিবার ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আরাফাত বেপরোয়া মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে মৃত্যুঞ্জয়ী মুজিব চত্বরের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানব বন্ধন করে।এসময় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মানববন্ধনে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট, বিশ্ববিদ্যালয় এলাকায় বেপরোয়া ভাবে গাড়ি চালানো বন্ধ, রাস্তায় গতিরোধক নির্মাণ, দোষী ব্যক্তিকে দ্রুত চিহ্নিতকরণ সহ আরাফাতের দুর্ঘটনার সাথে জড়িত ব্যক্তির দ্রুত বিচারের দাবি জানান।
এছাড়াও তারা আহত শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এককালীন ক্ষতিপূরণ ও চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানায়। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে সাধারণ শিক্ষার্থীরা মানসম্মত প্রাথমিক চিকিৎসা পাচ্ছে না বলেও অভিযোগ করেন।
উল্লেখ্য, গত রবিবার ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আরাফাত বেপরোয়া মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়। আরাফাত নামের ঐ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে বাসের জন্য অপেক্ষা করছিল। এমন সময় অপর দিক থেকে বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল এসে আরাফাতের গায়ে তুলে দেয় এবং আরোহীরা ছিটকে পড়ে যায়। এতে আরাফাতের পা ভেঙে যায়। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
আনন্দবাজার/এফআইবি








