সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সামরিক ও অসামরিক বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় যেকোনো কঠিন কাজও সফলভাবে সম্পন্ন করা সম্ভব, আর সাম্প্রতিক নির্বাচন সেই সক্ষমতারই একটি উজ্জ্বল উদাহরণ। তিনি মন্তব্য করেন, দেশের ইতিহাসে এত সুশৃঙ্খল ও চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে সেনাপ্রধান এসব বলেছেন। সম্মেলনের আগে নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টাও বক্তব্য দিয়েছেন।
সেনাপ্রধান বলেছেন, আমি আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।আপনারা জাতিকে একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন।আমরা পাশে ছিলাম, কিন্তু নির্বাচন আয়োজনের দায়িত্ব পুরোপুরি আপনাদের ওপরই ছিল।
সেনাপ্রধান আরও জানান, একসময় দেশে আশা-নিরাশার পরিস্থিতি তৈরি হয়েছিল।অনেকেই বলেছিলেন, নির্বাচন হবে না। কিন্তু আমরা সেটিকে ভুল প্রমাণ করে দেশ ও জাতিকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে এনেছি। এটি ছোট কোনো অর্জন নয়।
ডিসিদের উদ্দেশে ওয়াকার-উজ-জামান বলেছেন, যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা চাইলে তা দ্রুত পাওয়া যাবে। সংশ্লিষ্ট সেনা ফরমেশনকে জানালে তারা তাৎক্ষণিকভাবে সহযোগিতা করবে। দুর্যোগ, দুর্ঘটনা বা অন্য যেকোনো পরিস্থিতিতে আপনাদের সহযোগিতা করতে তারা প্রস্তুত রয়েছে।









