আবহাওয়া অধিদপ্তর আগামী ৫ দিন বা ১২০ ঘণ্টার জন্য ঝড়-বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বিরাজ করছে এবং এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন দেখা দিচ্ছে।
পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার রংপুর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুই-এক স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
এছাড়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
ঢাকা, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।









