নির্দেশ পাওয়া মাত্র ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল ড্যান কেইন।
মঙ্গলবার (০৫ মে) ভার্জিনিয়ায় পেন্টাগনের দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তাঁর সাথে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
এসময় ড্যান জানান, সেন্ট্রাল কমান্ডসহ যৌথ বাহিনীর বাকি অংশগুলো নির্দেশ পেলেই ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত আছে। শত্রুদের উচিত সংযমকে দুর্বলতা না ভাবা।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে পিট হেগসেথ বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে তারা যুদ্ধ করতে চান না। কিন্তু বাণিজ্যিক জাহাজে ইরানের যেকোনো হামলার জবাব হবে বিধ্বংসী।
সাংবাদিকদের হেগসেথ স্পষ্ট করেন, নিরপরাধ দেশ ও তাদের পণ্য পরিবহনে ইরান একটি আন্তর্জাতিক জলপথে কোনোভাবেই বাধা দিতে পারে না। কিন্তু যদি তারা মার্কিন সেনা কিংবা নিরপরাধ বাণিজ্যিক জাহাজে হামলা চালায় তাহলে চরম পরিণতির মুখোমুখি হবে।
চলমান যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। জাহাজ চলাচল নিরাপদ করতে ট্রাম্প প্রশাসন ‘প্রজেক্ট ফ্রিডম’ কর্মসূচির ঘোষণা দিয়েছে। এর আওতায় জ্বালানিবাহী জাহাজগুলোকে পাহারা দেবে মার্কিন রণতরী।









