বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা বর্তমানে ভারতের দিল্লিতে ‘মিনার-ই-দিল্লি’ পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে অবস্থান করছেন। তবে সেখানে থাকার সময়ই হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ে, যা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
এ বিষয়ে নিজেই মুখ খুলেছেন এই গুণী শিল্পী। তিনি জানিয়েছেন, ছড়িয়ে পড়া খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি সুস্থ আছেন এবং ভালোভাবেই আছেন।
মঙ্গলবার (৫ মে) দেওয়া সেই পোস্টে রুনা লায়লা লেখেন, তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় তিনি বিস্মিত। তিনি বলেছেন, আমি পরিষ্কারভাবে জানাতে চাই-আমি সম্পূর্ণ সুস্থ এবং বেঁচে আছি। পাশাপাশি তিনি সবার প্রতি আহ্বান জানান, যাচাই না করে এ ধরনের সংবেদনশীল তথ্য শেয়ার না করতে।
গণমাধ্যমকেও তিনি জানিয়েছেন, গুজব ছড়িয়ে পড়ার পর থেকেই দেশ-বিদেশ থেকে পরিচিতজন ও ভক্তদের অসংখ্য ফোন পাচ্ছেন। বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও পাকিস্তান থেকেও অনেকে তার খোঁজ নিচ্ছেন, যা তাকে একই সঙ্গে বিস্মিত ও বিচলিত করেছে।
রুনা লায়লা আরও বলেন, এ ধরনের ভুয়া তথ্য প্রচার শুধু অনাকাঙ্ক্ষিতই নয়, বরং দায়িত্বজ্ঞানহীন আচরণ। তিনি সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান এবং ভক্ত-অনুরাগীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।









