বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গ থেকে বাজে মন্তব্য আসছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ।
তিনি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভাবার জন্য দেশের রাজনৈতিক দলগুলোই যথেষ্ট, বাইরের কারও হস্তক্ষেপ বা মন্তব্য কাম্য নয়। পশ্চিমবঙ্গকে এ বিষয়ে কথা না বলাই শ্রেয়।
মঙ্গলবার(৫ মে) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে নতুন সদস্যদের যোগদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন।
আসিফ মাহমুদ বলেছেন, বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গ থেকে বাজে মন্তব্য আসছে, যা আগে ছিল না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভাবার জন্য দেশের রাজনৈতিক দলগুলোই যথেষ্ট। পশ্চিমবঙ্গকে এ বিষয়ে কথা না বলাই শ্রেয়।
আসিফ মাহমুদ আরও জানান, জাতির সঙ্গে প্রতারণা করে আবার সংসদে বুক ফুলিয়ে কথা বলা লজ্জাজনক।
তিনি অভিযোগ করেন, এরশাদের মতো দেশ চালানোর চেষ্টা করছেন তারেক রহমান। এভাবে চললে পরিণতিও এরশাদের মতোই বরণ করতে হবে।
অনুষ্ঠানে এনসিপিতে যোগ দেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’ সংগঠনের চার হাজার জুলাইযোদ্ধা ও বিভিন্ন রাজনীতিবিদের সন্তানরা।









