সংবিধান মেনেই সরকার গঠনসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী জানান, জামায়াত বলছে, আলাদা শপথ নিতে হবে। এসব কথা গায়ের জোরে বলছে। আমরা এখানে সংবিধান মেনেই এসেছি, এখনো মানছি। সংবিধান মেনেই সামনে এগিয়ে যাবো।
মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত ‘গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের প্রতি আইনজীবী সমাজের প্রত্যাশা শীর্ষক’ আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে মন্ত্রী এসব কথা বলেন।
জবরদস্তিমূলক কোনো কিছুই মানা হবে না উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারাবদ্ধ, আমরা তা বাস্তবায়ন করবো। তবে জুলাই সনদ ততটুকুই বাস্তবায়ন করা হবে, যতটুকুর রাজনৈতিক সমঝোতা আছে।
সমালোচনাকারীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন, যারা সমালোচনা করছে তারা কয়দিন আগেও নির্বাচনের পর সুবিধা বোঝে নোক্তা লাগিয়ে স্বাক্ষর করেছে।









