গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী পদ ছাড়ছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাচ্চু ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা দিতে আগামীকাল (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে গণসংহতি আন্দোলন।
দলীয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান সমন্বয়কারীর দলীয় দায়িত্ব বিষয়ে অবহিত করতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি নিজে উপস্থিত থাকবেন।
এছাড়া দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আব্দুর রশিদ নীলু, মনির উদ্দীন পাপ্পু, ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, হাসান মারুফ রুমীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।









