বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন-এ হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে আলোচনা হয়— দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধি, বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং হালাল শিল্প ও ব্যবসা-বাণিজ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়।
বৈঠকে আমিরে মজলিস আল্লামা মামুনুল হক বললেন, বাংলাদেশ ও পাকিস্তানের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন শতাব্দীর পুরোনো। এই বন্ধনকে এখন শিক্ষায়, বাণিজ্যে এবং মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার কাঠামোয় রূপ দেওয়ার সময় এসেছে।
উভয় পক্ষ ভবিষ্যতে এই সহযোগিতাকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার ব্যাপারে একমত হন এবং নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন।
বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে আরও উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন এবং পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান। পাকিস্তান হাইকমিশনের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ।
বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষা, বাণিজ্য ও ইসলামী মূল্যবোধভিত্তিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।









