বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম আবু জাফরের উদ্যোগে পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কেন্দ্রীয় খেলার মাঠ এলাকায় ক্যাম্পাসসংলগ্ন এতিম, পথশিশু ও ছিন্নমূল-উদ্বাস্তু মানুষের মধ্যে শার্ট-প্যান্ট, লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়।
আবু জাফর জানান, ‘ খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে তারেক রহমানর পক্ষ থেকে তার এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি বলেন, “আমরা সবাই ঈদ আনন্দের সঙ্গে উদযাপন করি। কিন্তু ছিন্নমূল মানুষ, বিশেষ করে পথশিশুরা নতুন পোশাক কেনার সুযোগ পায় না। তাই ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে তাদের জন্য ঈদ উপহারের ব্যবস্থা করেছি, যাতে তারা কিছুটা স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারে।”
এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফারহান আরিফ, যুগ্ম সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা সাগর ও রাশেদ, রামপুরা থানা ছাত্রদলের প্রচার সম্পাদক সাব্বির হোসেন রোমানসহ অন্যান্য নেতাকর্মীরা।









