মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি কর্মী নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৩ মার্চ) দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এ বিষয়ে এক শোক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, আজ ১৩ মার্চ (শুক্রবার) ভোরে মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর সংবাদে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। সাহরি প্রস্তুতের সময় ঘটে যাওয়া এ হৃদয়বিদারক দুর্ঘটনায় তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার আরও উল্লেখ করেন, বিদেশের মাটিতে জীবিকার সন্ধানে যাওয়া এই পরিশ্রমী প্রবাসী ভাইদের এভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করা অত্যন্ত বেদনাদায়ক ও মর্মস্পর্শী। তাদের এই মর্মন্তুদ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজন এবং আহতদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি।
একই সঙ্গে এই দুর্ঘটনায় গুরুতর আহত জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেনের দ্রুত সুস্থতা কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে তাদের আশু আরোগ্য প্রার্থনা করছি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত নেতা আরও বলেছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিহতদের লাশ সরকারি খরচে দ্রুত দেশে এনে তাদের পরিবার-পরিজনের কাছে হস্তান্তরের ব্যবস্থা করার জন্যও অনুরোধ জানাচ্ছি।









