তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন ফ্যাসিবাদ আমলে নির্যাতনের শিকার গণমাধ্যমকর্মীদের তালিকা তৈরি করা হচ্ছে। মন্ত্রী জানান, আমাদের সরকারের বয়স মাত্র দেড় মাস। আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করেছি। পাশাপাশি ফ্যাসিবাদ আমলে নির্যাতনের শিকার গণমাধ্যমকর্মীদের তালিকা তৈরি করা হচ্ছে।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বইমেলার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেছেন, গণমাধ্যমের ওপর নির্যাতনের যে ইতিহাস তা ফ্যাসিবাদের কর্মকাণ্ডের অঙ্গ। আমরা গণতান্ত্রিক আন্দোলন করে ফ্যাসিবাদকে উৎখাত করেছি।
তিনি জানান, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইলে গণমাধ্যমের অধিকার এবং স্বাধীনতা যারা চর্চা করেছেন সেই গণমাধ্যমকর্মীদের নির্যাতনের যে অপরাধ তার বিচার করতে হবে।
এই অপরাধকে চিহ্নিত করতে সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ইতোমধ্যেই তালিকা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।









