খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে এবার জামায়াতে ইসলামী প্রথমবারের মতো হিন্দু সম্প্রদায়ের নেতা কৃষ্ণ নন্দীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি।
দুই দশক আগে জামায়াতের রাজনীতিতে যুক্ত হন এবং ন্যায়, সততা ও আদর্শিক রাজনীতির প্রতি বিশ্বাসের কারণে জামায়াত বেছে নিয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান কৃষ্ণ নন্দীর মনোনয়ন ঘোষণা করেন। পরে বুধবার বিকালে স্থানীয় নেতাদের বৈঠকে তা চূড়ান্ত হয়।
ডুমুরিয়ার চুকনগর গ্রামের বাসিন্দা কৃষ্ণ নন্দী ২০০৫ সালে জামায়াতে ইসলামে যোগ দেন। বর্তমানে তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু শাখা ও স্থানীয় সনাতন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০ বছর আগে দলকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “জামায়াত ন্যায়-সততার দল, এখানে দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক নেই। শান্তি ও সমৃদ্ধি আনার দল হিসেবে আমি এটি বেছে নিয়েছি।”
মনোনয়ন পাওয়ার পর কৃষ্ণ নন্দী জানান, “আমাকে কেন্দ্র থেকে ডেকে নেওয়া হয়েছিল, জামায়াত আমিরসহ শীর্ষ নেতারা উপস্থিত থেকে আমাকে প্রার্থী ঘোষণা করেছেন।
এখন এলাকায় প্রচারণা শুরু করব।” পূর্ববর্তী প্রার্থী মাওলানা আবু ইউসুফ সম্পর্কে তিনি বলেন, “আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। জামায়াত আমির আমাদের দুজনকে বুকে বুক মিলিয়ে দিয়েছেন এবং নিজে আমার হয়ে প্রচারণায় নেমেছেন।”









