অন্তর্বর্তী সরকার বিভিন্ন দেশের সঙ্গে কয়েকটি চুক্তি করলেও কোনো চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে ‘আলোচনা করেনি’ বলে দাবি করেছেন দলটির আমির শফিকুর রহমান।
গতকাল শুক্রবার বিকালে ফেইসবুকে এক পোস্টে তিনি এ দাবি করেন
জামায়াত আমির লেখেন, ‘বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি সম্পাদন করেছে; কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের কোনো চুক্তি নিয়ে সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি।’ তিনি তার পোস্টে লেখেন, ‘আমরা বহুবার দাবি জানিয়েছিলাম যে সংসদ না থাকার কারণে সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, ঠিক সেভাবেই আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোয়ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া উচিত ছিল।’
বিদায় নেয়া অন্তর্বর্তী সরকার জামায়াতের দাবিগুলোকে আমলে নেয়নি এমন অভিযোগ করে দলটির আমির আরও লেখেন, ‘এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরি করার সুযোগ নেই।’









