দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আশুলিয়ার এক বিএনপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে দল। তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করার পাশাপাশি সব ধরনের কার্যক্রম থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানা বিএনপির দপ্তর সম্পাদক রাজিব খান। তিনি জানান, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার রাতেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
অভিযুক্ত মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহী আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শৃঙ্খলাভঙ্গ, দলীয় নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপ এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে তাকে তার সাংগঠনিক পদ থেকে অপসারণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ইউনিয়নের সব ধরনের দলীয় কার্যক্রম থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।









