দেশের খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনালয় ও মিশনারিগুলোকে লক্ষ্য করে হামলার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। এ ধরনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দলটি বলেছে, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা ও ধর্মীয় অধিকার নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, সম্প্রতি বেনামে ও তারিখবিহীন চিঠির মাধ্যমে দেশের বিভিন্ন খ্রিস্টান উপাসনালয় ও মিশনারিতে হামলার হুমকির খবর পাওয়া গেছে, যা অত্যন্ত ন্যক্কারজনক ও ঘৃণিত। এ ধরনের অপতৎপরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং জামায়াতে ইসলামী এর তীব্র নিন্দা জানাচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হাজার বছরের ইতিহাসে প্রমাণিত হয়েছে—এ দেশে মুসলিমসহ সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় অধিকার ও নাগরিক অধিকার ভোগ করে আসছে। এখানে প্রত্যেকে শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করে এবং সমাজে ধর্মভিত্তিক কোনো বৈষম্যের স্থান নেই।
বিবৃতিতে আরও বলা হয়, জামায়াতে ইসলামী ন্যায়ভিত্তিক ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী একটি ইসলামী রাজনৈতিক দল। ধর্ম-বর্ণ ও গোষ্ঠী নির্বিশেষে সব মানুষের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় দলটি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। খ্রিস্টান সম্প্রদায়সহ দেশের সব ধর্মীয় ও সামাজিক জনগোষ্ঠীর মানুষের জানমাল, সম্মান ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে জামায়াত সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।
শেষাংশে বলা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র কঠোর হাতে দমন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে। একইসঙ্গে দেশের শান্তি ও সম্প্রীতি রক্ষায় সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।









