আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশের ওপর হামলার মামলা এবং ফতুল্লা থানার ইয়াসিন হত্যা মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত সাবেক মেয়র আইভীকে জামিন দেয়নি।
নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কাইয়ুম খান এ তথ্য নিশ্চিত করেছেন। সাবেক মেয়র আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, দুই মামলার এজাহারে আইভীর নাম না থাকলেও তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। এর আগে একই মামলায় এজাহারে নাম না থাকার কারণে ১৯ জনের জামিন মঞ্জুর হয়েছিল। তিনি বলেন, অন্যান্য আসামিরা জামিন পেয়েছেন, কিন্তু আইভীকে না দেওয়ায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন হতে পারে। এ কারণে তারা উচ্চ আদালতে আপিল করবেন।
আইভীর আইনজীবী আরও জানান, হাইকোর্ট ইতোমধ্যে পাঁচটি মামলায় আইভীকে জামিন দিয়েছে, তবে নতুন করে আরও পাঁচ মামলায় তাকে জড়ানো হয়েছে, যেগুলোর কোনোটিতেই তার নাম নেই। ইয়াসিন হত্যা মামলার এজাহারে স্পষ্টভাবে উল্লেখ আছে যে শামীম ওসমান ও অয়ন ওসমান ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং গুলি করে হত্যাকাণ্ড ঘটিয়েছে, এবং পুলিশের ওপর হামলার মামলায়ও আইভী তখন পুলিশ কাস্টডিতে ছিলেন। তবুও তাকে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।









