নারীর ক্ষমতায়নই ফ্যামিলি কার্ডের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ঈদগাঁহ আলিম মাদরাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় ঠাকুরগাঁও জেলার মধ্যে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৫৯০ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন মির্জা ফখরুল।
অনুষ্ঠানে মির্জা ফখরুল বললেন, ‘বাড়ির প্রধান নারীরাই এই ফ্যামিলি কার্ডটা পাবেন তারা। তিনি এই কার্ডটা কী কাজে ব্যবহার করবেন সেটা পরের ব্যাপার, কিন্তু তার হাতে একটি কার্ড থাকবে। এটি নারীর ক্ষমতায়ন—তার হাতে একটি অস্ত্র তুলে দেওয়া, যাতে তিনি বলতে পারেন, আমার শক্তি আছে, আমার ফ্যামিলি কার্ড আছে।’
দুর্নীতিবাজদের কড়া হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বললেন, ‘এখানে কাজ করতে এসেছি, কাজ করবও। যদি দেখা যায় কেউ কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হয়েছে, তার কোনো ক্ষমা নাই। আমরা কোনো ক্ষমা করবো না, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন।’
এ সময় মির্জা ফখরুল আরও বললেন, বিগত ১৫ বছর দেশে কোনো আইনকানুন ছিল না। ১৫ বছর যা খুশি তাই করে গেছে, টাকা ছাড়া কেউ কোনো কার্ডও কেউ পায়নি। আমরা যে ফ্যামিলি কার্ড দিলাম— এর জন্য কি কোনো টাকা পয়সা দিতে হয়েছে? কাউকে কোনো টাকা দিতে হয়নি, টাকা দিতে হবেও না। আবারও বলছি প্রত্যেকটি মা এই ফ্যামিলি কার্ডটি পাবেন। সুতরাং অস্থির হওয়ার কিছু নেই।’
অনুষ্ঠানে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু প্রমুখ উপস্থিত ছিলেন।









