মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে কোস্টাল ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ইউএসএস অ্যাব্রাহাম লিংকনে হামলা চালিয়েছে ইরান।
বুধবার (২৫ মার্চ) ইরানের সেনাবাহিনী এমন দাবি করেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত মিডিয়ায় খবর প্রকাশ করেছে।
প্রেস টিভি-তে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, সশস্ত্র বাহিনী মার্কিন ক্যারিয়ারের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। রাষ্ট্রায়ত্ত ইরনা সংবাদ সংস্থা নৌবাহিনী কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, এই অপারেশন পরিচালিত হয়েছে।
ইরনার তথ্যানুযায়ী, ইরানি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, শত্রু পক্ষের এয়ারক্রাফ্ট ক্যারিয়ার অ্যাব্রাহাম লিংকনের চলাচল নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এটি ইরানের ক্ষেপণাস্ত্রের সীমায় প্রবেশ করলে লক্ষ্যবস্তু হিসেবে আঘাত করা হবে।
সংবাদ সংস্থাটি জানিয়েছে, কোস্টাল লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন ক্যারিয়ার গ্রুপের দিকে প্রক্ষেপণ করা হয়েছে। যার ফলে ক্যারিয়ারকে অবস্থান পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত মার্কিন পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।









