মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ২৭ হাজার ২০৪ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমটি শিউ চি’ নামের একটি ট্যাংকার পৌঁছেছে। সিঙ্গাপুর থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আমদানি করেছে এই ডিজেল।
আগামী এক সপ্তাহে ১ লাখ ৪৭ হাজার ২০৫ টন ডিজেল ভর্তি আরও ৪টি ডিজেলবাহী ট্যাংকার আসবে।
সিঙ্গাপুর থেকে আজ রাতে পৌঁছানোর কথা রয়েছে ‘লিয়ান হুয়ান হু’ নামের আরেকটি ডিজেলবাহী ট্যাংকার। এটিতে প্রায় ৩০ হাজার টন ডিজেল রয়েছে।
বৃহস্পতিবার বন্দরে পৌঁছানোর কথা রয়েছে ‘এসপিটি থেমিস’। এটিতে ৩০ হাজার ৪৮৪ টন ডিজেল রয়েছে। ‘র্যাফেলস সামুরাই’ ও ‘চ্যাং হ্যাং হং টু’ নামের দুইটি আগামী শনিবার পৌঁছানোর কথা রয়েছে। এই দুটিতে প্রায় ৩০ হাজার টন করে ডিজেল রয়েছে।
জানা যায়, চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত নয়টি দেশ থেকে ২৩ লাখ ২৮ হাজার টন ডিজেল আমদানি হয়েছে। এর মধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারত থেকে আমদানি করা হয়েছে ৭৮ শতাংশ। মধ্যপ্রাচ্যের দেশ থেকে কোনো ডিজেল আমদানি করা হয়নি।









