ভ্যাট আইনি প্রক্রিয়ায় জটিলতা থাকায় অনেকেই ভ্যাট দিতে পারছে না। এজন্য ভ্যাট আইনকে আরো সহজ করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পাশাপাশি বলেন, রেভিনিউ দিয়ে আমরা অবকাঠামোসহ পিছিয়ে পড়া মানুষদের সামনে আনার কাজ করছি। গতকাল শুক্রবার রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে ‘ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২১’ উপলক্ষে মতবিনিময় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
এতে ২০১৯-২০২০ অর্থবছরের জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ৯ প্রতিষ্ঠানকে সম্মাননা তুলে দেন অর্থমন্ত্রী। পুরস্কার পাওয়ার তালিকায় উৎপাদন খাত থেকে রয়েছে এরিস্টোফার্মা লিমিটেড, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও মেসার্স মায়া বিড়ি ফ্যাক্টরি। ব্যবসায় শ্রেণিতে আছে এসএম মোটরস, এমকো বাজাজ ইন্টারন্যাশনাল ও ইউনিয়ন মোটরস লিমিটেড। সেবা ক্যাটাগরিতে তিন সেরা ভ্যাটদাতা হলো ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, গ্রে অ্যাডভারটাইজিং লিমিটেড ও রবার্ট বস (বাংলাদেশ) লিমিটেড।
জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে ভ্যাট আদায় করার আহবান করে অর্থমন্ত্রী বলেন, সবাই ভ্যাট দিতে চায়। কিন্তু আইনি প্রক্রিয়ায় জটিলতা থাকায় অনেকেই ভ্যাট দিতে পারছে না। এজন্য আইনকে আরো সহজ করতে হবে। ভ্যাটে প্রয়োজনীয় ফরমগুলোকে সিম্পলিফাই করে ক্রেতার কাছে নিয়ে গেলে তারা নিজেরাই এগিয়ে আসবে।
সেরা ভ্যাটদাতাদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী বলেন, আপনাদের যে অর্জন, যে সম্পদ সেখানে কিন্তু আপনার প্রতিবেশীর অধিকার আছে। আপনাদের আয়ের ওপর তাদের হক আছে। আপনাদের ভ্যাট-ট্যাক্সের টাকা দিয়েই পিছিয়ে পড়া মানুষদের অর্থনীতির মূল স্রোতধারায় আনার চেষ্টা করছি। যে রেভিনিউ আপনারা দিচ্ছেন তা দিয়ে আমরা অবকাঠামো করছি, পিছিয়ে পড়া মানুষদের সামনে আনার কাজ করি। আপনাদের দায়িত্ব হলো অন্যদের ভ্যাট প্রদানে উদবুদ্ধ করবেন।
যারা নিয়মিতভাবে মূসক (মূল্য সংযোজন কর) দিচ্ছে তাদের হয়রানি না করে উৎসাহিত করা জরুরি এমন উক্তি করে বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআই প্রেসিডেন্ট জসিম উদ্দিন বলেন, মাঠপর্যায়ে কর্মকর্তাদের মাধ্যমে অভিযান চালিয়ে খাতাপত্র আটক করা, হয়রানি করা, দাবিনামা প্রেরণ, কারণ দর্শানো নোটিশ এবং আতঙ্ক পরিস্থিতির যে অভিযোগ পাওয়া যায় তা স্থিতিশীল ব্যবসা-বাণিজ্যের জন্য সহায়ক নয়। তবে যারা ইচ্ছাকৃতভাবে রাজস্ব ফাঁকি দেয় আমরা তাদের পক্ষে নই।
সভাপতির বক্তব্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, করছাড় সবসময় নেতিবাচক নয়। এটা কর্মসংস্থান বাড়ায়। আমাদের করছাড় রাখতে হবে, করছাড় কমাতে হবে এবং সিলেক্টিভ হতে হবে।
অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন স্লোগানকে সামনে রেখে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন শুরু হয়েছে। ঢাকাসহ সব বিভাগীয় শহর ও কমিশনারেট কার্যালয়ে এ উদযাপন আয়োজন করা হবে। গতকাল শুক্রবার ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপনের উপলক্ষ্যে নানা কর্মসূচি নিয়েছে এনবিআর। কোভিড পরিস্থিতিতে ভ্যাট দিবসে শোভাযাত্রাসহ বেশকিছু কর্মসূচি বাতিল করেছে। তবে কেন্দ্রীয়ভাবে সেমিনারের আয়োজনসহ ভ্যাট অফিসগুলোতে বিশেষ সেবা দেওয়া হবে।
আনন্দবাজার/শহক









