দেশের সোনার বাজারে একদিনেই নজিরবিহীন অস্থিরতা দেখা গেছে। শনিবার (২৮ মার্চ) মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই দফা বাড়ানো হয়েছে সোনার দাম, যা সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে তৈরি করেছে বিস্ময় ও উদ্বেগ।
সকালেই প্রথম দফায় প্রতি ভরিতে ২ হাজার ১৫৭ টাকা বাড়ানো হয়। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা। তবে দিনের শেষেই আবারও বড় ধাক্কা বিকেলে দ্বিতীয় দফায় আরও ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।
এই নতুন মূল্য শনিবার বিকেল থেকেই কার্যকর হয়েছে এবং রবিবারও একই দামে সোনা বিক্রি হচ্ছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধির কারণেই এই মূল্য সমন্বয় করা হয়েছে। দ্রুত পরিবর্তিত বাজার পরিস্থিতির কারণে একই দিনে দুইবার দাম পুনর্নির্ধারণ করতে হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বর্তমান দামে—
২১ ক্যারেট সোনা প্রতি ভরি: ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা,
১৮ ক্যারেট সোনা প্রতি ভরি: ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা,
সনাতন পদ্ধতির সোনা: ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা,
অন্যদিকে, সোনার বাজারে এমন অস্থিরতা থাকলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।
রুপার বর্তমান দাম—
২২ ক্যারেট: ৫ হাজার ৩৬৫ টাকা,
২১ ক্যারেট: ৫ হাজার ১৩২ টাকা,
১৮ ক্যারেট: ৪ হাজার ৪৩২ টাকা,
সনাতন পদ্ধতি: ৩ হাজার ৩২৪ টাকা।
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং স্থানীয় পর্যায়ে কাঁচামালের মূল্য বৃদ্ধির কারণে দেশের সোনার বাজারে এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা যাচ্ছে। ফলে সামনে আরও দাম বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।









