বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে দায়িত্বে নিতে যাচ্ছেন অর্থবিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার। গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা আনন্দবাজারকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেন, আব্দুর রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হতে যাচ্ছেন, শতভাগ নিশ্চিত। এরপরও বলা যাচ্ছে না। কারণ সরকার থেকে সে বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।
আব্দুর রউফ তালুকদার ২০১৮ সালের ১৭ জুলাই অর্থসচিব হিসেবে নিয়োগ পান। এর আগে ২০১৭ সালের অক্টোবরে অর্থ বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে আসেন। তার আগে তিনি এই বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব, উপসচিব ও যুগ্ম সচিবের দায়িত্ব পালন করেছেন। এছাড়া অর্থ বিভাগের অধীনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পালন করেন। বিসিএস ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা রউফ সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন সচিবালয় ক্যাডারের কর্মকর্তা হিসেবে। দেড় যুগ আগে সচিবালয় ক্যাডার বিলুপ্ত করে তাকে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত করা হয়। অর্থ বিভাগের বিভিন্ন পদ ছাড়াও রউফ শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের উপ-রেজিস্ট্রার এবং মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিবের দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে আব্দুর রউফ তালুকদারের। এছাড়া খাদ্য মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ে সহকারী সচিব ছিলেন তিনি।
আব্দুর রউফ তালুকদার ১৯৬৪ সালে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলাধীন তারাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে এমএসসি ডিগ্রি নেন।









