পুঁজিবাজারে তালিকাভুক্ত আলিফ ইন্ডাস্ট্রিজের পরিশোধিত মূলধন ২০০ কোটি টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মঙ্গলবার কোম্পানিটির পরিচালনা পর্ষদ ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন সিদ্ধান্ত জানিয়েছে।
সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি সম্ভাব্য নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন ২০০ কোটি টাকা পর্যন্ত বাড়াতে চায়। বর্তমানে পরিশোধিত মূলধন ৪৪ কোটি ২৫ লাখ টাকা। অবশ্য এই মূলধন বাড়ানোর জন্য সামনে কোম্পানিটির ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নেবে। এরপর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে মূলধন বাড়াতে নতুন শেয়ার ইস্যু করবে।
ডিএসইর সূত্রে জানা গেছে, আলিফ ইন্ডাস্ট্রিজের পরিশোধিত মূলধন ৪৪ কোটি ২৫ লাখ টাকা। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুসারে, নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন ২০০ কোটি টাকা পর্যন্ত বাড়ানো হবে। যেখানে কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। গতকাল মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৬ দশমিক ২০ টাকা।
গত ২০১৭ সালে পুঁজিবাজারে অনুমোদন পায় আলিফ ইন্ডাস্ট্রিজ। কোম্পানটির শেয়ার সংখ্যা ৪ কোটি ৪২ লাখ ৫১ হাজার ৬৬৯। রিজার্ভ ৪১ কোটি ৯০ লাখ টাকা। মোট শেয়ারের ৩৩ দশমিক ৩৫ শতাংশ মালিকানা রয়েছে উদ্যোক্তা পরিচালকদের। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ৭১ শতাংশ ও বাকি ৫৩ দশমিক ৯৪ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
আনন্দবাহার/শহক









